দূষণ বন্ধে ড্রোনের ব্যবহারের দাবি
বাংলাদেশে নদী দূষণ রোধে নতুন প্রযুক্তি উদ্ভাবনে কলকারখানাগুলোতে ইটিপি তদকারী ড্রোনের মাধ্যমে নজরদারি করার আহ্বান জানিয়ছেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এজন্য নবীন বিজ্ঞানীদের পরিবেশ রক্ষার আধুনিক প্রযুক্তি বের করতে পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিজ্ঞান ক্লাবের সদস্য ও উদ্ভাবকদের সমন্বয়ে পৃথক পৃথক সেমিনার ও অংশীজন সভায় এই আহ্বান জানান তিনি।
বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরমুখী করতে হবে, বিজ্ঞান শিক্ষা গেলানোর বিষয় নয়, এ প্রবণতা বন্ধ করতে হবে। বিজ্ঞান শিক্ষাকে চর্চা, অনুশীলন এবং গবেষণার পর্যায়ে নিয়ে যেতে হবে। নবীন বিজ্ঞানীদের জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে বিজ্ঞান জাদুঘরে। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিজ্ঞান জাদুঘর ভার্চুয়াল ভিজিট এবং অনলাইন বিজ্ঞান বক্তৃতা ও কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে জ্ঞান পৌঁছে দিয়েছে। তবে বিজ্ঞানী বা গবেষক হওয়ার আগে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। নতুবা বিজ্ঞান ও প্রযুক্তির সুফল বৃথা হয়ে যাবে। ”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তারিকুল ইসলাম, মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক সঞ্চিতা দাস, বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি আরিফ হক এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু সাইদ।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সভাপতি তারেক আজিজ।
অনুষ্ঠান শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারীদের উপহার দেয়া হয়।